১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর
বলুন তো দেখি, ঢাকায় অবস্থিত বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান কোনটি?
১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর ঢাকায় এই গবেষণা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। যার নাম বাংলা একাডেমী। মূলত বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা এবং গবেষণা ও প্রচারের লক্ষ্যে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশে) এই একাডেমী প্রতিষ্ঠিত হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন “বর্ধমান হাউজ”-এ এই একাডেমীর সদর দপ্তর স্থাপিত হয়। এই “বর্ধমান হাউজে” একটি “ভাষা আন্দোলন জাদুঘর”ও আছে। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা একাডেমী প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে, যদিও তা ব্যর্থ হয়। পরবর্তীতে ১৯৫৫ সালে আবার উদ্যোগ গ্রহণ করা হলে, সে সময় সফলভাবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়। ১৯৫৬ সালের ১লা ডিসেম্বর মুহম্মদ এনামুল হক একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। শুরুর দিকে একাডেমীটি ছিল একটি সরকারি প্রতিষ্ঠান। ১৯৫৭ সালে ‘দি বেঙ্গলী একাডেমী অ্যাক্ট’ গৃহীত হলে এটি সরকারি অর্থে পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। ফ্রেঞ্চ একাডেমীর আদর্শে পরবর্তীতে বাংলা একাডেমীর কর্মকাঠামো পরিকল্পিত হয়। গবেষণা, অনুবাদ, সংকলন, প্রকাশনা, গ্রন্থাগার এই বিভাগগুলোর মাধ্যমে একাডেমীর কর্মকান্ড সম্পাদিত হয়। একুশে ফেব্রুয়ারী উপলক্ষে প্রদত্ত ‘বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার’ খুবই মর্যাদা সম্পন্ন পুরস্কার। একাডেমীতে রয়েছে কম্পিউটার ভিত্তিক বৃহৎ আধুনিক মুদ্রণালয়। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমি একটি জাতীয় বই মেলার আয়োজন করে থাকে, যা অমর একুশে গ্রন্থমেলা নামে পরিচিত। যার কার্যক্রম শুরু হয় ১৯৮৪ সাল থেকে।


0 মন্তব্য(গুলি):