মার্চ থেকে ডিসেম্বর—মুক্তিযুদ্ধের প্রতিটি দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি
তারিখ অনুযায়ী স্মার্টফোন ব্যবহারকারীদের মনে করিয়ে দেবে ‘টাইমলাইন ৭১’। এ
জন্য ইন্টারনেট সংযোগেরও দরকার নেই, স্মার্টফোনে ডাউনলোড করা থাকলেই
অফলাইনে কাজ করতে পারে অ্যাপটি। মুক্তিযুদ্ধের প্রতিটি দিনের উল্লেখযোগ্য
ঘটনাবলি নিয়ে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর অ্যাপটি তৈরি করেছে
বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। যুদ্ধদলিল, বাংলাপিডিয়া, মূলধারা ’৭১, একাত্তরের দিনগুলিসহ মুক্তিযুদ্ধের ওপর লেখা
বইগুলোর সহযোগিতায় সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের তথ্যনির্ভর অ্যাপটি।
মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মাহাত্ম্য নির্দিষ্ট কিছু দিবসে সীমাবদ্ধ করার
বদলে মুক্তিযুদ্ধের প্রতিটি দিনের উল্লেখযোগ্য ঘটনা নতুন প্রজন্মের কাছে
তুলে ধরতেই তৈরি করা হয়েছে অ্যাপটি। নির্মাতাদের একজন বুয়েটের মেকানিক্যাল
বিভাগের শিক্ষার্থী মাজেদুর রহমান জানান, একাত্তরের ভয়াল দিনগুলোতে যাঁরা
মুক্তির আলো জ্বেলেছিলেন, সেই আলোর পথযাত্রীদের কথা, আলোর মিছিলের কথা এই
অ্যাপের মাধ্যমে পৌঁছে যাবে সবার কাছে। একাত্তরে মুক্তিবাহিনীর রচিত গৌরবময়
ইতিহাস জাগ্রত থাকুক সব নতুন প্রাণে—এটাই ‘টাইমলাইন ৭১’ এর মূল লক্ষ্য।
অন্য একজন নির্মাতা মইনুল ইসলাম জানান, অ্যাপটি ‘নোটিফিকেশনের’ মাধ্যমে
১৯৭১ সালের প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য
ব্যবহারকারীদের জানান দিতে পারে। নোটিফিকেশনের জন্য ব্যবহারকারী নিজের
পছন্দমতো সময়ও নির্ধারণ করতে পারবেন। গত সপ্তাহে গুগল প্লেস্টোরে
আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হওয়া অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
লেখা ও ছবিঃ কালের কণ্ঠ।


0 মন্তব্য(গুলি):