আলবার্ট আইনস্টাইন- এর চির বিদায়
১৮ই এপ্রিল ১৯৫৫
নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী
আলবার্ট আইনস্টাইন ১৮৭৯ সালের ১৪ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি
তাঁর বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত ভর-শক্তি সমতুল্যতার সূত্র
আবিষ্কারের জন্য পৃথিবী জুড়ে বিখ্যাত। তিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল
পুরস্কার লাভ করেন।
১৯৩৩ সালে এডলফ হিটলার জার্মানিতে ক্ষমতায়
থাকাকালীন সময়ে আইনস্টাইন বার্লিন একাডেমি অব সায়েন্সের অধ্যাপক ছিলেন।
ইহুদী হওয়ার কারণে আইনস্টাইন সে সময় দেশত্যাগ করে আমিরেকায় চলে আসেন এবং
আর জার্মানিতে ফিরে যাননি।
আইনস্টাইনের গবেষণার মধ্যে রয়েছে ৫০টিরও
অধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র। ১৯৯৯ সালে টাইম সাময়িকী আইনস্টাইনকে "শতাব্দীর
সেরা ব্যক্তি" হিসেবে ঘোষণা করে। এছাড়া বিখ্যাত পদার্থবিজ্ঞানীদের একটি
ভোট গ্রহণের মাধ্যমে জানা যায়, তাকে প্রায় সবাই সর্বকালের সেরা
পদার্থবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
আইনস্টাইন পদার্থবিজ্ঞানের বিভিন্ন
ক্ষেত্রে প্রচুর গবেষণা করেছেন। নতুন উদ্ভাবন ও আবিষ্কারে তাঁর অবদান অনেক।
তাঁর করা আবিষ্কারে সবচেয়ে বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব বলবিজ্ঞান ও
তড়িৎচ্চৌম্বকত্বকে একীভূত করেছিল এবং আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অসম গতির
ক্ষেত্রে আপেক্ষিকতার তত্ত্ব প্রয়োগের মাধ্যমে একটি নতুন মহাকর্ষ তত্ত্ব
প্রতিষ্ঠিত করেছিল।
তাঁর মতে, "ধর্ম ছাড়া যে বিজ্ঞান সেটা হল
পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া যে ধর্ম সেটা হল অন্ধ"। তার শৈশব কাটে মিউনিখে।
ছোটবেলায় দুইটি জিনিস তাঁর মনে অপার বিস্ময়ের জন্ম দিয়েছিল। প্রথমত পাঁচ
বছর বয়সে একটি কম্পাস হাতে পান এবং এর ব্যবহার দেখে তিনি বিস্মিত হয়ে
যান। দ্বিতীয়ত অদৃশ্য শক্তির কারণে কিভাবে কম্পাসের কাঁটা দিক পরিবর্তন
করছে, এটা নিয়েও তাঁর মনে প্রশ্ন জাগে! তখন থেকে আজীবন অদৃশ্য শক্তির
প্রতি তাঁর ছিল বিশেষ আকর্ষণ। যখন তাঁর বয়স ১২ বছর, সেসময় তিনি জ্যামিতির
একটি বইয়ের সাথে পরিচিত হন। এই বইটি অধ্যয়ন করে তিনি এতটাই মজা
পেয়েছিলেন যে, একে আজীবন "পবিত্র ছোট্ট জ্যামিতির বই" বলে সম্বোধন করেছেন।
৭৬ বছর বয়সে আজকের এই দিনে ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটনে তিনি মৃত্যুবরণ করেন।


0 মন্তব্য(গুলি):