মনলোভা উজ্জ্বল লাল, গাঢ় হলুদ বা কমলা লাল রংয়ের থোকা থোকা ফুল
কৃষ্ণচূড়া। বাংলাদেশে এ ফুল ফোটে বসন্তকালে। ফুলগুলো বড় চারটি
পাপড়িযুক্ত। পাপড়িগুলো প্রায় ৮ সেন্টিমিটারের মতো লম্বা হতে পারে।
কৃষ্ণচূড়া জটিল পত্র বিশিষ্ট এবং উজ্জ্বল সবুজ। প্রতিটি পাতা ৩০-৫০
সেন্টিমিটার লম্বা এবং ২০ থেকে ৪০টি উপপত্র বিশিষ্ট।
কৃষ্ণচূড়া একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স
রেজিয়া (Delonix regia)। এটি ফাবাসিয়ি (Fabaceae) পরিবারের অন্তর্গত একটি
বৃক্ষ যা গুলমোহর নামেও পরিচিত।
কৃষ্ণচূড়া গাছের লাল, কমলা, হলুদ ফুল এবং উজ্জল সবুজ পাতা একে অন্যরকম
দৃষ্টিনন্দন করে তোলে। কৃষ্ণচূড়া মাদাগাস্কারের শুষ্ক পত্রঝরা বৃক্ষের
জঙ্গলেও পাওয়া যায়। জঙ্গল বা বনাঞ্চলের বনফুল হিসেবে পরিচিত হলেও জঙ্গলে
এটি বিলুপ্ত প্রায়। কৃষ্ণচূড়া গাছ উষ্ণ আবহাওয়ায় ছায়া দিতে বিশেষভাবে
উপযুক্ত। কৃষ্ণচূড়া উদ্ভিদ উচ্চতায় কম (সর্বোচ্চ ১২ মিটার) হলেও
শাখা-পল্লবে এটি বেশি অঞ্চলব্যাপি ছড়িয়ে থাকে। শুষ্ক অঞ্চলে গ্রীষ্মকালে
কৃষ্ণচূড়ার পাতা ঝরে গেলেও, নাতিষীতোষ্ণ অঞ্চলে এটি চিরসবুজ।
কৃষ্ণচূড়া গাছ শুষ্ক ও লবণাক্ত অবস্থা সহ্য করতে পারে। ক্যারাবিয়ান
অঞ্চল, আফ্রিকা, হংকং, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারত সহ বিশ্বের
অনেক দেশে এটি জন্মে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণচূড়া শুধুমাত্র
দক্ষিণ ফ্লোরিডা, দক্ষিণ পশ্চিম ফ্লোরিডা, টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকায়
পাওয়া যায়।
ভারত ও বাংলাদেশে অঞ্চলভেদে সাধারণত এপ্রিল-জুন সময়কালে কৃষ্ণচূড়া ফুল
ফোটে। তবে পৃথিবীর বিভিন্ন দেশে কৃষ্ণচূড়ার ফুল ফোটার সময় বিভিন্ন।
দক্ষিণ ফ্লোরিডায় – জুন মাসে, ক্যারাবিয়ান অঞ্চলে- মে থেকে সেপ্টেম্বর,
ভারতে – এপ্রিল থেকে জুন, অস্ট্রেলিয়ায় – ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এবং
আরব আমিরাতে এরা ফোটে সেপ্টেম্বর মাসে।




0 মন্তব্য(গুলি):