প্রতিদিন দূর-দূরান্ত থেকে লোকজন আসছেন কলাগাছটি দেখতে। দেখে চলে যেতে
যেতে যে যার মতো করে নিজের ধারণাকে গল্পে রূপ দিচ্ছেন। সেই গল্প শুনে ওই
কলাগাছ দেখতে মানুষের ভিড় আরও বাড়ছে।
এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে। সেখানে একটি কলাগাছে ২৫টি কলার মোচা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাইটালিয়া বাজারের পূর্ব পাশে সাগর কলার একটি
গাছে ২৫টি ছোট-বড় মোচা ও কলার ছড়ার দেখা মিলেছে। গাছের মালিক স্থানীয়
মোস্তফা। তিনি বলেন, গত কয়েক মাস আগে গাছের কাণ্ডটি তিনি কেটে ফেলেন। পরে
এটি মরে না গিয়ে বরং বড় হতে থাকে। সম্প্রতি এটি থেকে ২৫টি মোচা বের হয়।
মোচা থেকে ছোট ছোট কলাও বের হতে থাকে। যেটা ছড়ার আকার ধারণ করেছে। এটা
দেখতেই প্রতিদিন অনেক লোকজন আসছেন।
সাইটালিয়া গ্রামের সাত্তার মিয়া বলেন, ‘এমন ঘটনা আমি জীবনে দেখি নাই। এক
গাছে ২৫ মোচা ধরেছে শুনে নিজ চোখে দেখতে এলাম।’ একই গ্রামের আতাবুদ্দিন
বলেন, ‘আমি এই কলাগাছের ছবিটা ফেসবুকে দেখে এখন নিজ চোখে দেখতে এলাম।’
পাশের পেলাইদ গ্রামের সফির উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমাদের এলাকায় আলোচিত। নিজ
চোখে দেখার জন্য এলাম।’
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মূয়ীদুল হাসান বলেন, ‘জিনগত
কারণে এমনটা ঘটে। দেশে এমন ঘটনার খবর আরও শুনেছি। একসঙ্গে এতগুলো মোচা বের
হওয়ার ফলে এতে বিশেষ কোনো ঔষধি গুণ আছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে
সচরাচর এমনটা দেখা যায় না।’
লেখা ও ছবিঃ প্রথম আলো।


0 মন্তব্য(গুলি):